চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং পুনর্মূল্যায়নের জন্য এ পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তারা মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র চ্যালেঞ্জ করেছেন।
অনলাইন কার্যক্রমে কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আবেদন প্রক্রিয়া ব্যাহত হওয়ায় সময়সীমা কিছুটা বাড়িয়ে রোববার দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। শনিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রযুক্তিগত সমস্যার কারণে গত ৭ নভেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি। পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করেই আবেদনের সময়সীমা বর্ধিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে বড় ধরনের অবনতি দেখা দেয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিলেও পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, যেখানে পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা নতুন নিয়মে খাতা পুনর্মূল্যায়নের এই সুযোগ গ্রহণ করছেন।


























