বিজিবি–বিএসএফ পতাকা বৈঠকের পর হস্তান্তর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে আটক দুই ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে নিজ দেশে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকা থেকে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফেরত দেওয়া দুই ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের বাচ্চন মোহলদার ও রাজু মোহলদার। তারা পেশায় জেলে।
তিনি জানান, বুধবার দুপুরে চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন সিরামের দাড়া বিলে বাংলাদেশ ও ভারতের জেলেরা নিজ নিজ জলসীমায় মাছ ধরছিলেন। এ সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে স্থানীয় বাংলাদেশি জেলেরা তাদের আটক করে।
পরবর্তীতে কেতাববাজার এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করে বিজিবি হেফাজতে নেয়। এরপর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে প্রয়োজনীয় যাচাই শেষে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে নিয়মিত সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত সমাধান করা হচ্ছে।
















