আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান দলের অধিনায়ক হিসেবে থাকছেন রশিদ খান। বুধবার ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই দল নিয়েই বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজ খেলবে আফগানিস্তান।
বাংলাদেশ সফরের সময় দলে না থাকা পেসার ফজলহক ফারুকি এবং অলরাউন্ডার গুলবাদিন নাইবকে বিশ্বকাপ স্কোয়াডে ফেরানো হয়েছে। এ ছাড়া অফ স্পিনার মুজিব উর রহমান ও পেসার নাভিন-উল-হকও জায়গা পেয়েছেন। মুজিবকে মূল দলে রাখায় স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফরকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। তাঁর সঙ্গে রিজার্ভে আছেন ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরাফি।
চোট কাটিয়ে দলে ফেরা নাভিন গত সেপ্টেম্বরে এশিয়া কাপে খেলতে পারেননি। আফগানিস্তানের হয়ে তাঁর সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। গত অক্টোবরে বাংলাদেশ সফরে রশিদ খান আফগানিস্তানের অধিনায়কত্ব করেন। পরে জিম্বাবুয়ে সফরের প্রথম দুই ম্যাচেও তিনি নেতৃত্ব দেন। শেষ ম্যাচে তাঁর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্বে ছিলেন ইব্রাহিম জাদরান। বিশ্বকাপেও রশিদই অধিনায়ক থাকছেন, জাদরান থাকছেন সহ-অধিনায়ক হিসেবে।
এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান সেমিফাইনালে উঠেছিল, যা আইসিসি টুর্নামেন্টে দলটির সর্বোচ্চ সাফল্য। আগামী বিশ্বকাপটি শুরু হবে ৭ ফেব্রুয়ারি, ভারত ও শ্রীলঙ্কায়।
স্কোয়াড ঘোষণার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান বলেন, আগের আসরে ভালো পারফরম্যান্সের স্মৃতি নিয়ে দল এবার আরও ভালো করার প্রত্যাশা করছে। এশিয়ান কন্ডিশনে খেলা হওয়ায় আফগানিস্তানের জন্য এটি ইতিবাচক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান স্কোয়াডে রয়েছেন রশিদ খান, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সেদিকউল্লাহ আতাল, দারউইশ রাসুলি, শহীদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, নুর আহমেদ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি ও আবদুল্লাহ আহমদজাই।
বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন নসিব খান। ১৯ থেকে ২২ জানুয়ারি ভারতের ভেন্যুতে এই সিরিজ খেলবে আফগানিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে রশিদ খানের দল।
















