বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১০ হাজারের বেশি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জানাজা ও দাফন ঘিরে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা, প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে ঢাকা শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সেখানে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর দাফন পর্যন্ত পুরো প্রক্রিয়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে।
শফিকুল আলম বলেন, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে পরিকল্পনা করা হয়েছে। পুলিশের পাশাপাশি প্রয়োজনে কিছু এলাকায় সেনাবাহিনীও সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি আরও জানান, সাম্প্রতিক বড় গণজমায়েত ও জানাজার অভিজ্ঞতার আলোকে পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থাগুলো পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।
জানাজা ও দাফন আয়োজন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিএনপির পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
সাধারণ ছুটির কারণে রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
















