গ্রাহকদের কাছ থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের ‘স্বেচ্ছাচারী ও অতিরিক্ত’ সার্ভিস চার্জ আদায় কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানির জন্য আগামী কাল ৩ নভেম্বর দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
সোমবার (২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। আদালতে রিট আবেদনকারী আইনজীবী ওবায়ুদউল্লাহ আল মামুন সাকিব নিজেই এর পক্ষে শুনানি পরিচালনা করবেন। এর আগে এমএফএস প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন ওই আইনজীবী। প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছিলেন।
জারিকৃত রুলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের চার্জ নির্ধারণ, ভোক্তা অধিকার সুরক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে একটি স্বতন্ত্র এমএফএস আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও যুক্তিসঙ্গত সার্ভিস চার্জ নিশ্চিত করার বিষয়টিও এই রুলের অন্তর্ভুক্ত রয়েছে।
অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।


























