নাটোরের লালপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। মাত্র তিন ও চার বছর বয়সী দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১২টার মধ্যে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—বেড়িলাবাড়ি গ্রামের আনারুল ইসলামের মেয়ে আফিয়া খাতুন (৪) এবং সিরাজুল ইসলামের মেয়ে শিউলি আক্তার (৩)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করার একপর্যায়ে পরিবারের অগোচরে বাড়ির পেছনের একটি পুকুরে পড়ে যায় শিশু দুটি। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























