সড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক ও শ্রমিক নেতারা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে এই টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে অনেকে অতিরিক্ত ভাড়ায় মোটরসাইকেল ও রিকশা ব্যবহার করছেন।
চরকাউয়া টার্মিনাল সূত্রে জানা যায়, ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাড়িয়া, হলতা ও সিদ্দিক বাজার—এই ছয়টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। যেখান থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষ ও চাকুরিজীবীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের অভিযোগ, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে থ্রি-হুইলার ও অটোরিকশার অবাধ চলাচলের কারণে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বাসের সঙ্গে পাল্লা দিয়ে এসব অবৈধ যানবাহন চালানোর ফলে বহু হতাহতের ঘটনা ঘটছে। তাই দ্রুত সড়ক থেকে এসব যান সরিয়ে নেওয়ার দাবি জানান তারা।
এদিকে বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার জানিয়েছেন, সকালে বাস চালানোর চেষ্টা করা হলেও থ্রি-হুইলার চালকরা বাধা সৃষ্টি করেন। উদ্ভভূত এই সংকট দ্রুত নিরসনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।






















