বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
উপাচার্য বলেন, ফ্যাসিস্ট শাসনামলে রাজধানী ঢাকার বুকে অবস্থিত এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ ক্রান্তিলগ্নে জবির গৌরবোজ্জ্বল ভূমিকা থাকলেও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি নানামুখী বঞ্চনার শিকার হয়ে আসছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমানে রাষ্ট্রে যারা দায়িত্ব পালন করছেন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যারা বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদের প্রতি শিক্ষার্থীদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করার আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিক ও দৃশ্যমান সহযোগিতা কামনা করেন তিনি।

























