কুমিল্লার বুড়িচং উপজেলার আগানগর গ্রামে জমি কেনার পর বৈধ দলিল থাকা সত্ত্বেও ক্রয়কৃত জমির দখলে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মালিকরা। জমিতে প্রবেশ ও সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে দীর্ঘকাল ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।
ভুক্তভোগী স্থানীয় ব্যবসায়ীরা জানান, জমি ক্রয়ের আগে আইনজীবীর মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ও মালিকানাসংক্রান্ত সব তথ্য যাচাই-বাছাই করা হয়েছিল। কিন্তু জমি নিবন্ধনের পর থেকেই প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে আসছেন। এমনকি একাধিকবার স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হলেও অপর পক্ষের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি তাঁরা জমিতে বালু ফেলে সীমানাপ্রাচীর নির্মাণের প্রস্তুতি নিলে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধ হয়ে বাধা দেন। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে থানা-পুলিশের পক্ষ থেকেও সালিশি বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা তাতে সাড়া দেননি। স্থানীয়ভাবে এই জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।


























