রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং সরকারি গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও কালাম উদ্দিনের পৃথক আদালত এই আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম ও উপপরিদর্শক আবু বক্কর এই তথ্য নিশ্চিত করেছেন।
এর মধ্যে পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় ১৩ জন, বিস্ফোরক দ্রব্য আইনে করা পল্লবী থানার আরেকটি মামলায় ৭ জন এবং মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে এবং অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হতে পারেন এবং তদন্তে বিঘ্ন ঘটতে পারে, তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর পল্লবী থানার মিরপুর-১২ এলাকায় শ্রমিকদের আন্দোলন চলাকালে প্রায় আড়াই হাজার ব্যক্তি জড়ো হয়ে উসকানিমূলক স্লোগান দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের একটি সরকারি পিকআপ ভ্যানে হামলা চালায়।


























