যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস এবং বাসাবাড়িতে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের প্রতি লিটার মূল্য ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সোমবার এক বার্তায় এই নতুন মূল্য ঘোষণা করে কমিশন। এই বর্ধিত মূল্য আজ রাত ৮টা থেকে কার্যকর হবে।
একইসঙ্গে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এর দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের মূল্য, আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার এবং পরিবহনসহ অন্যান্য সংশ্লিষ্ট খরচ বিবেচনা করে প্রতি মাসে ভোক্তাপর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হয়।
তবে, বাজারে কমিশনের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। নতুন করে দাম বাড়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং রান্নার জ্বালানি বাবদ পরিবারের মাসিক ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


























