সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন করে মাতলামি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলা কৃষক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির এবং উপজেলা কৃষক দলের নেতা আকবর আলী। গত শনিবার রাতে তাহিরপুর বাজারের নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় ওই দুই ব্যক্তি বাজারে মাতলামি ও অসংলগ্ন আচরণ করছিলেন, যার ফলে সাধারণ মানুষ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এবং বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়। স্থানীয়দের অভিযোগে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সেবন করে জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


























