খেলার মাঠের নারীদের প্রকৃত রূপ ও পরিশ্রম নিয়ে প্রশ্ন তোলায় তোপের মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি। বুদাপেস্টে আলটিমেট চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার ফাইনালে অংশ নেওয়া ব্রিটিশ অ্যাথলেট এমি হান্ট বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি সুইনিকে নিশানা করেন। চারবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন এমি হান্ট বলেন, মাঠের নারীদের দেখতে কেমন হয়, তা ভালো করে দেখে নেওয়া উচিত। কঠোর পরিশ্রম, রক্ত, ঘাম ও চোখের জলের মাধ্যমেই আসল সৌন্দর্য ফুটে ওঠে।
এই প্রতিবাদী ধারার সূচনা করেছিলেন আমেরিকান জিমন্যাস্ট গ্রেসি ক্রেমার। তিনি নিজের অনুশীলনের একটি ভিডিও শেয়ার করে লেখেন, ক্রীড়াজগতের নারীদের বাস্তব রূপ এটিই। এরপরই এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। চারবারের অলিম্পিক সাঁতার চ্যাম্পিয়ন অ্যারিয়ার্ন টিটমাসও ক্ষোভ প্রকাশ করে বলেন, নারী অ্যাথলেটদের দীর্ঘ সাধনা ও ঘাম ঝরানো অর্জনকে অবমূল্যায়ন করার সংস্কৃতি কোনোভাবেই কাম্য নয়।
চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনার মুখে চুপ থাকেননি সিডনি সুইনি নিজেও। সমালোচকদের দ্বিমুখী নীতির প্রতিবাদ জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় এক ডজন তারকা অ্যাথলেটের নগ্ন বা স্বল্পবসনা ছবির একটি সংকলন পোস্ট করেন। ইএসপিএন ম্যাগাজিনের কভার ফটো রি-পোস্ট করে তিনি টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও এমএমএ তারকা রোন্ডা রাউজির মতো তারকাদের ছবি সামনে এনেছেন।






















