জাতীয় দৈনিক আমার দেশ-এর পত্রিকা ছিঁড়ে ফেলা এবং এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান কর্তৃক ফেসবুক লাইভে এই ঘটনা ঘটানো হয়।
রোববার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান এই প্রতিবাদ জানান। বিএজে নেতারা বলেন, প্রকাশ্যে একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র ছিঁড়ে ফেলা শুধু পত্রিকাটির প্রতি অবজ্ঞা নয়, বরং মুক্ত সাংবাদিকতা, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো সংবাদ বা প্রতিবেদনে ভুল থাকলে কিংবা কোনো বক্তব্যে আপত্তি থাকলে তথ্য ও যুক্তি দিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রেস কাউন্সিল বা আইনি প্রতিকারের সুযোগ রয়েছে। এসব গণতান্ত্রিক পথ এড়িয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে সংবাদপত্র ছিঁড়ে হুমকি ছড়ানো দায়িত্বশীল আচরণ হতে পারে না।
নেতারা জোর দিয়ে বলেন, মতের অমিলের জবাব দিতে হবে যুক্তি ও সত্য দিয়ে, সংবাদপত্র ছিঁড়ে নয়। দায়িত্বশীল পদে থেকে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সংকুচিত করে এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।
বিএজে বিবৃতিতে উল্লেখ করে, সংবাদপত্র ছিঁড়ে ফেলা যায়, কিন্তু সত্য প্রকাশের আকাঙ্ক্ষাকে স্তব্ধ করা যায় না। গণতন্ত্রে ভিন্নমত ও সমালোচনার জবাব দিতে হয় যুক্তি দিয়ে, অবজ্ঞা বা বলপ্রয়োগের মাধ্যমে নয়।
এ ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএজে। একই সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা, অবাধ মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।






















