দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। মালিক, শ্রমিক এবং নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে এই বোর্ড গঠিত হয়েছে। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দুটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী দু-একদিনের মধ্যেই এই বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হতে পারে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গার্মেন্টস শিল্প খাতের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিনকে এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকেও বোর্ডে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম শুরু করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নিরপেক্ষ সদস্য ড. মোসলেহ উদ্দিন আহমদ জানান, বোর্ড গঠনের বিষয়টি তাকে জানানো হয়েছে। এখন সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে সভার আয়োজন করা হবে এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরে অবহিত করা হবে।
মজুরি বোর্ডের পার্মানেন্ট সদস্য হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব বলেন, কিছু কিছু খাতে ইতিমধ্যে বোর্ড গঠিত হয়েছে এবং তাদের সভা চলছে। তবে তৈরি পোশাক খাতের ক্ষেত্রে প্রজ্ঞাপনটি আজ রোববার জারি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দু-একদিনের মধ্যেই তাদের প্রথম সভাটি অনুষ্ঠিত হতে পারে, যা বোর্ডের চেয়ারম্যানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।






















