বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ‘গভীর উদ্বেগ’, মিথ্যা বয়ান প্রত্যাখ্যান নয়াদিল্লির
বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে দুই হাজার ৯০০-এর বেশি সহিংসতার ঘটনাকে সংবাদমাধ্যমের অতিরঞ্জন বা রাজনৈতিক সহিংসতা বলে উড়িয়ে দেওয়া যায় না—এমন মন্তব্য করেছে ভারত। নয়াদিল্লি বলেছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে চরমপন্থিদের অবিরাম শত্রুতা গভীর উদ্বেগজনক।
────────────────────────
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারত। শুক্রবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে চরমপন্থিদের অবিরাম শত্রুতা গভীর উদ্বেগের বিষয়।
তিনি বলেন, স্বতন্ত্র সূত্র অনুযায়ী অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রায় দুই হাজার ৯০০টি সহিংসতার তথ্য নথিভুক্ত হয়েছে—যার মধ্যে হত্যা, অগ্নিসংযোগ ও জমি দখলের ঘটনাও রয়েছে। এসব ঘটনাকে কেবল সংবাদমাধ্যমের অতিরঞ্জন হিসেবে একপাশে ঠেলে দেওয়া কিংবা রাজনৈতিক সহিংসতা বলে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
ময়মনসিংহে সম্প্রতি এক হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে জয়সওয়াল বলেন, এ ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রত্যাশা করছে ভারত। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের পরিবর্তনশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে সংখ্যালঘু নির্যাতন সংক্রান্ত অভিযোগকে ‘অতিরঞ্জন’ বা ‘রাজনৈতিক সহিংসতার ভুল ব্যাখ্যা’ হিসেবে তুলে ধরার যে বক্তব্য আসছে, তা প্রত্যাখ্যান করেছে ভারত। এ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, “বাংলাদেশে যে মিথ্যা বয়ান প্রকাশ করা হচ্ছে, আমরা তা প্রত্যাখ্যান করেছি। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির দায় বাংলাদেশের সরকারেরই।”
সম্প্রতি সংখ্যালঘু ইস্যু ঘিরে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে টানাপড়েনের মধ্যেই এ মন্তব্য এলো। দিল্লি জানিয়েছে, তারা বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় এবং শান্তি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে। একই সঙ্গে বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেছে ভারত।
















