আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলা ও গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদগারের তীব্র নিন্দা জানিয়ে একে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রব্বানী। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রব্বানী বলেন, সংবাদমাধ্যমের মূল কাজই হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সংবাদ পরিবেশন করতে গিয়ে তা যেকোনো পক্ষের অনুকূলে যেতে পারে বা বিরুদ্ধেও যেতে পারে। এতে ক্ষুব্ধ হয়ে আক্রোশ মেটানোর জন্য কোনো পত্রিকাকে হেয়প্রতিপন্ন করা কিংবা উগ্র আচরণ করা কোনো দায়িত্বশীল ব্যক্তির পক্ষে সমীচীন নয়।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে লাইভে এসে পত্রিকা ছিঁড়ে ফেলার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণ সরকারের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। সংবাদ বা সম্পাদকীয় অবস্থান নিয়ে আপত্তি থাকলে আইনি প্রতিকার বা প্রতিবাদ জানানোর গণতান্ত্রিক পথ খোলা রয়েছে। কিন্তু কোনোভাবেই এমন আচরণ গ্রহণযোগ্য হতে পারে না।
মাওলানা মুহিউদ্দীন রব্বানী সংশ্লিষ্ট সকলকে নিজ আচরণের প্রতি সচেতন থাকার আহ্বান জানান এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।






















