মাদক, সন্ত্রাস, দখলবাজ এবং চাঁদাবাজমুক্ত একটি সুশৃঙ্খল সমাজ গড়ার লক্ষ্যে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সব অঙ্গসংগঠন এবং সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম।
শনিবার সন্ধ্যায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বসুরহাট পৌরসভা ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল ইসলাম এমপি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের মানুষের আস্থার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পুরো জিয়া পরিবার এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন। দেশের মানুষ বিএনপিকে নিরাপদ আশ্রয়স্থল মনে করে বলেই ২০২৬ সালের জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে নিরঙ্কুশ বিজয় দিয়ে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে। বর্তমান সরকার কোনো রক্তচক্ষুকে ভয় পায় না এবং দেশের স্বার্থে কাউকে একচুলও ছাড় দেওয়া হবে না।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো ঐক্যবদ্ধ থেকে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পৌরসভা নির্বাচনেও একযোগে কাজ করতে হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সালের সভাপতিত্বে এবং আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজীম সুমন প্রধান বক্তা ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।


























