কুমিল্লার দেবিদ্বারে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানই আশানুরূপ ফল করতে ব্যর্থ হয়েছে। সামগ্রিক এই ফলাফলে বিপর্যয়ের পাশাপাশি উপজেলার একটি আলিম মাদ্রাসার কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।
উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিভিন্ন বোর্ডের অধীনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে পাস করেছে মাত্র ১ হাজার ১১৫১ জন। সে হিসাবে উপজেলার গড় পাসের হার ৪২.৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৬ জন শিক্ষার্থী।
এদিকে, শতভাগ শিক্ষার্থী ফেল করা প্রতিষ্ঠানটি হলো বাগমারা ইসলামী আলিম মাদ্রাসা। এই প্রতিষ্ঠান থেকে ২১ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিলেও একজনও উত্তীর্ণ হতে পারেনি, ফলে পাসের হার শূন্যে নেমে এসেছে।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা জানান, চলতি বছরের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল বেশ হতাশাজনক। কয়েকটি প্রতিষ্ঠানের এমন শোচনীয় ফলের কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

























