শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের নিজ উপজেলা কচুয়ায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত পাসের হার না থাকায় সামগ্রিক ফলাফলে ব্যাপক ধস নেমেছে। উপজেলার ৯টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ১ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী অংশ নিলেও পাস করেছেন মাত্র ৬২৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩ জন এবং পাসের হার কমে দাঁড়িয়েছে ৩৯.৯৬ শতাংশে।
অন্যদিকে, আলিম পরীক্ষায় উপজেলার ১৪টি মাদ্রাসা থেকে ৪৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২৯৫ জন। যেখানে পাসের হার ৬৪.১৩ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছেন ৭ জন শিক্ষার্থী।
সার্বিক ফল বিপর্যয়ের মধ্যেও উপজেলার কলেজগুলোর মধ্যে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৬ জন পাস করেছেন এবং ১ জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে। এ ছাড়া আলিম পরীক্ষায় উপজেলায় প্রথম হয়েছে নিশ্চিন্তপুর ডি এস ইসলামিয়া কামিল মাদ্রাসা; যেখান থেকে ৪৯ জন অংশ নিয়ে ৪৭ জন উত্তীর্ণ হয়েছেন এবং ২ জন জিপিএ-৫ পেয়েছেন।

























