উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে এবারও দেশসেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১ হাজার ৫৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ৫৫১ জন উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে ৫৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছেন। পরীক্ষায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৯৪ শতাংশ। পরীক্ষা চলাকালে একজন শিক্ষার্থী অসুস্থতার কারণে অংশগ্রহণ করতে না পারায় শতভাগ পাসের রেকর্ড থেকে সামান্য বঞ্চিত হলেও বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—এই তিন বিভাগের সামগ্রিক ফলাফলে কলেজটি শীর্ষে অবস্থান করছে।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৯৪ জন জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা শাখার ১৮০ জন এবং মানবিক শাখার ৩১১ জন শিক্ষার্থীর সবাই শতভাগ পাস করেছেন, যার মধ্যে ব্যবসায় শিক্ষায় ৬৯ জন এবং মানবিকে ৯৮ জন জিপিএ-৫ অর্জন করেন। কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার দিকনির্দেশনা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, নিয়মিত বিশেষ ক্লাস, টিউটোরিয়াল পরীক্ষা ও গাইড টিচারের সার্বক্ষণিক মনিটরিংয়ের কারণেই এই অভূতপূর্ব সফলতা এসেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করা এই কলেজটি পরবর্তীতে বোর্ডের মেধা তালিকা প্রকাশ বন্ধ হলেও নিজেদের শীর্ষ অবস্থান অব্যাহত রেখেছে।

























