ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্ধারিত সময়ের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন প্রতিটি কেন্দ্রে চলছে ভোট গণনার কাজ। আজ সকাল আটটায় এই আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটাভুটি শুরু হয়, যা কোনো বিরতি ছাড়াই বিকেল চারটা পর্যন্ত চলে।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। এবারের উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন—বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। মাঠে পর্যাপ্ত সংখ্যক বিজিবি, পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি স্পেশাল রেসপন্স টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেছেন। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা এবং বডি ক্যামেরার পাশাপাশি ড্রোনের মাধ্যমেও সার্বিক নিরাপত্তা তদারকি করা হয়েছে।


























