আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে তাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, যা পূরণে ব্যর্থ হলে পদত্যাগ করা শ্রেয় এবং পরবর্তী সিদ্ধান্ত জনগণ নেবে।
বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। আগামী শনিবার এই লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি এবং এনসিপির মহানগর আহ্বায়ক আহম্মদ হামিম রাহাতসহ জোটের অন্যান্য নেতারা।
মুহাদ্দিস আব্দুল খালেক আরও বলেন, খুলনার সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। খুন, গুলি ও বোমা বিস্ফোরণের মতো ঘটনায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ না নিলে জনঅসন্তোষ আরও বাড়তে পারে বলে সতর্ক করেন তিনি।


























