পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তার মুক্তিযোদ্ধা সনদের সত্যতা যাচাই করতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মানিক পশারীর মৃত্যু, দাফন ও তার মুক্তিযোদ্ধা সনদের সত্যতা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এসব খবরের বিষয়বস্তু গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মন্ত্রী আহমেদ আযম খানের নির্দেশনায় এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে পুরো বিষয়টি তদন্ত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কমিটির সুপারিশ অনুযায়ী প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানায়, মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা রক্ষায় ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিলের কাজ চলছে। পাশাপাশি কোনো মুক্তিযোদ্ধা অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে বা কোনো গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে বলে স্পষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেছিলেন মানিক পশারী। গত ২৪ অক্টোবর তার মৃত্যুর পর পিরোজপুরে তার গার্ড অব অনার ও দাফনে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন জামায়াত নেতারা।






















