কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকার একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত দুই বোন লায়লা জাহান নাবিলা ও ইসরাত জাহান মালিহাকে টাঙ্গাইলের নাগরপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরদেহ গ্রামে পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
নিহত দুই বোন নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাউসাইদ গ্রামের বাসিন্দা মামুনুর রশিদের মেয়ে। স্থানীয় বাউসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে বাউসাইদ কেন্দ্রীয় কবরস্থানে তাঁদের পাশাপাশি দাফন সম্পন্ন করা হয়। প্রিয়জনদের শেষবারের মতো বিদায় জানাতে এ সময় শত শত গ্রামবাসী জড়ো হন।
গত ১৭ অক্টোবর কক্সবাজারের ওই রিসোর্টে লাগা আগুনে একই পরিবারের ছয় সদস্যের মর্মান্তিক মৃত্যু ঘটে। দীর্ঘ দশ দিন পর সিআইডির ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মর্মান্তিক এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শোকাহত স্বজন ও এলাকাবাসী।






















