চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ১৫ হাজার মানুষের অংশগ্রহণে একদিনে এক লাখ গাছ রোপণের এক বিশাল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার জেলার ১৬টি উপজেলা ও মহানগরে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
সকালে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে একটি নারকেলের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
উদ্বোধনের পর সারাদিন জেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। সন্ধ্যায় সীতাকুণ্ডের ফৌজদারহাটসংলগ্ন ডিসি পার্কে এক র্যালি শেষে উপদেষ্টার হাতে এক লাখতম চারা হিসেবে আরেকটি নারকেলের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, “চট্টগ্রামের জেলা প্রশাসন যে কাজটি করল, যে অগ্রাধিকারমূলক প্রকল্প হাতে নিল, আমি মনে করি, এই ধারা যদি আমরা সারা দেশে অনুসরণ করি, তাহলে অচিরেই আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও এগিয়ে যেতে পারব।” তিনি আরও বলেন, পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য কোনো উচ্চাভিলাষী কর্মসূচি নয় এবং সম্মিলিত উদ্যোগ ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে তা অর্জন সম্ভব। তবে, বৃক্ষরোপণকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর পরিচর্যা ও সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “আমরা বিভিন্ন সময়ে নানা দাবি নিয়ে আন্দোলন করি। কিন্তু আজ আমাদের এই ১৫ হাজার মানুষের আন্দোলন ছিল পরিবেশ রক্ষার আন্দোলন। এই আন্দোলন আমাদের বেঁচে থাকার আন্দোলন, আমাদের আগামী প্রজন্মের বেঁচে থাকার আন্দোলন।”
বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসন এই কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’। জেলা প্রশাসক চারা সংগ্রহ, বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া এবং রোপণের জন্য গর্ত প্রস্তুত করাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।


























