বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ দেশের প্রতিটি শিশুর সুষম শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক ব্যবস্থাপনা ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে প্রতিটি শিশুই তার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে সক্ষম হবে।
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠান শুরুর আগে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত ‘ব্লুস্কাই স্কুল’ পরিদর্শন করেন এবং তাদের বিভিন্ন থেরাপি ও সৃজনশীল কার্যক্রম সরাসরি অবলোকন করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের অগ্রগতির পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকা উচিত নয়। আজকের শিশুরা ভবিষ্যৎ জাতির কর্ণধার, তাই তাদের প্রতিভা বিকাশের জন্য একটি অনুকূল ও সহমর্মী পরিবেশ তৈরি করা সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব। শিশুদের সঙ্গে সবসময় স্নেহশীল আচরণ করার তাগিদ দিয়ে তিনি একটি নিরাপদ ভবিষ্যৎ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।






















