অগ্নিসংযোগ ও গণপিটুনিকে রাষ্ট্র পরিচালনার বড় বাধা উল্লেখ করে কঠোর অবস্থানের ঘোষণা
মব সহিংসতায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে এবং সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।
মব সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং বিভিন্ন প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া অত্যন্ত গর্হিত ও নিন্দনীয় কাজ। এ ধরনের অপরাধ কোনোভাবেই সরকার বরদাস্ত করবে না। তিনি স্পষ্ট করে বলেন, মব সহিংসতা রাষ্ট্র ও সমাজের জন্য মারাত্মক হুমকি।
সব স্থাপনায় একযোগে নিরাপত্তা নিশ্চিত করা একটি কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে। যেকোনো অস্থিতিশীলতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়ে খালিদ হোসেন বলেন, এ ধরনের সহিংস ঘটনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি জানান, এ ঘটনায় জড়িত মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে এবং ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে একই রাতে রাজধানীতে একাধিক গণমাধ্যমের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে হামলা ও সহিংসতার খবর পাওয়া গেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা।
















