২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডের দুই দশক পূর্তি সামনে রেখে বিচার দাবি করে নতুন করে সোচ্চার হয়েছে জামায়াতে ইসলামী। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদ শেষে ক্ষমতা হস্তান্তরের ওই দিনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দলটি। সারা দেশে কেন্দ্রঘোষিত দুদিনের কর্মসূচি ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আলাদাভাবে নানা কর্মসূচি পালন করছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, খুনিদের শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনে নতুন করে মামলা করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এদিকে লগি-বৈঠার নির্মম আঘাতে নিহতদের স্মরণ করে বিবৃতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি ওই ঘটনাকে পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা হিসেবে উল্লেখ করে অবিলম্বে খুনিদের বিরুদ্ধে দায়ের করা মামলা পুনরায় সচল করে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এর আগে দলটির জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারও পৃথক বিবৃতি দিয়েছেন। জামায়াত নেতাদের অভিযোগ, বিগত সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে দায়ের করা মামলা প্রত্যাহার করে এই বর্বর ঘটনার বিচার প্রক্রিয়া বন্ধ এবং সব নথি গায়েব করে দেওয়া হয়েছিল। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এই বিচারের জন্য নানা তৎপরতা চালানো হলেও তা পুনর্জীবিত হয়নি।


























