জর্ডানের একটি গির্জায় বন্দুকধারীদের প্রাণঘাতী হামলার জবাবে সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে জর্ডানের সামরিক বাহিনী। সোমবারের এই হামলায় তিন শিশু ও এক নারীসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। হামলার পর দুই দেশের মধ্যকার প্রধান সীমান্তপথ বন্ধ করে দেওয়া হয়েছে। জর্ডান দাবি করেছে সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করেই এই অভিযান চালানো হয়েছে, যদিও সিরিয়া কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।
সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, দেশটির দেরা ও সুয়েইদা প্রদেশের বিভিন্ন আবাসিক এলাকায় চালানো এই হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক হতাহত হয়েছেন। বিমান হামলার পরপরই সিরীয় সীমান্ত কর্তৃপক্ষ নাসিব সীমান্তপথটি বন্ধ ঘোষণা করায় দুই দেশের মধ্যে যাত্রী ও পণ্য চলাচল পুরোপুরি স্থগিত রয়েছে।























