বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে এবং উপকূলীয় এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি ভারতের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্যোগ মোকাবিলায় ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।


























