চার দিনের সফরে জাপান অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা জানিয়েছে জাপান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার স্থানীয় সময় সকালে টোকিওতে জাপানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে এই আয়োজনে যোগ দেন প্রবাসী নেতাকর্মীরা।
জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার নেতৃত্বে আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং শুভেচ্ছা জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক মনি এমদাদ, জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর হোসেন মিঠু, সহসভাপতি ড. মাসুম জাকির, জসিম উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাদেকুল হায়দার বাবলুসহ বিভিন্ন স্তরের নেতারা।


























