সংকটময় সময়ে যুদ্ধবিধ্বস্ত সুদানের অসহায় মুসলমানদের সহায়তায় এগিয়ে এসেছেন ইংল্যান্ডপ্রবাসী চট্টগ্রামের রাউজানের সন্তান জিয়া বিন রাসেল। তাঁর ব্যক্তিগত উদ্যোগে দেশটিতে ইতিমধ্যে হাজার হাজার কেজি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে এবং এই সহায়তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
সুদানের পাশাপাশি অবরুদ্ধ গাজা উপত্যকা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও নিয়মিত মানবিক সহায়তা প্রদান করে আসছেন এই প্রবাসী ব্যবসায়ী। গাজার মানুষের জন্য খাবার, বিশুদ্ধ পানি ও তাঁবুর ব্যবস্থা করার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন প্রান্তে অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছেন। মানবিক কর্মী মুহাম্মদ রাজের সঙ্গে পরামর্শ করে তিনি এসব কার্যক্রম পরিচালনা করে আসছেন।
মানবসেবামূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন জিয়া বিন রাসেল। ইংল্যান্ডে একটি বড় মদের বার ক্রয় করে তা মসজিদে রূপান্তর করার মাধ্যমে তিনি মুসলিম সম্প্রদায়ের কল্যাণে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।






















