যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১৯৯৩ সালে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মডেল ও মিস সুইজারল্যান্ড বিয়াত্রিস কিউল। তার দাবি, ওই বছরের নভেম্বর মাসে নিউ ইয়র্কের প্লাজা হোটেলে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। এর আগে ২০২৪ সালে একই ঘটনায় যৌন হয়রানির অভিযোগ করেছিলেন তিনি। তবে হোয়াইট হাউস ট্রাম্পের বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত নতুন এক প্রতিবেদনে কিউলের এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। প্রকাশিত ওই প্রতিবেদনে জেফরি এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে ট্রাম্পের কথিত যোগসূত্রের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদন তৈরির অংশ হিসেবে কিউল ডেমোক্র্যাট কমিটির কর্মীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। তার বর্ণনা অনুযায়ী, ১৯৯৩ সালে যখন ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয়, তখন তার বয়স ছিল ২৪ বছর এবং নিউইয়র্কের প্লাজা হোটেলে আয়োজিত একটি সুন্দরী প্রতিযোগিতার সংবাদ সম্মেলনে তাদের প্রথম দেখা হয়েছিল।
কিউল অভিযোগ করেন, পরিচয়ের সময় ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তিতে সহায়তা এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ট্রাম্পের সঙ্গে ওই আলাপের পরপরই সেখানে উপস্থিত হন জেফরি এপস্টেইন। নিজেকে ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় দিয়ে এপস্টেইন কিউলকে মার-আ-লাগোতে একটি পার্টিতে আমন্ত্রণ জানান। তবে ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন যে, এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সন্দেহ তৈরি হওয়ার আগেই তার সঙ্গে সব ধরনের বন্ধুত্বের অবসান ঘটেছিল।























