ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে দুটি পৃথক সশস্ত্র হামলায় অন্তত ৬০ জন অর্থোডক্স খ্রিষ্টান প্রাণ হারিয়েছেন। গত ২০ ও ২৪ অক্টোবর ঘটা এসব সহিংসতায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি মানুষ। এছাড়া হামলাকারীরা অন্তত ২০টি বাড়ি পুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে ইথিওপিয়ান অর্থোডক্স তেওয়াহেদো চার্চ।
সোমবার চার্চটির পবিত্র সিনড এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে নাগরিকদের ওপর চাপিয়ে দেওয়া চরম নিষ্ঠুরতা ও অমানবিক দুর্ভোগ হিসেবে উল্লেখ করেছে। এই নৃশংসতা মানুষের জীবন ও ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক সুরক্ষাকে চরমভাবে লঙ্ঘন করেছে বলে জানিয়েছে সিনড।
চার্চের তথ্য অনুযায়ী, ২০ অক্টোবর মের্তি জেলার আঙ্গাদা কেবেলের গোরার সিলিঙ্গো এলাকায় ১৪ জন এবং ২৪ অক্টোবর শিরকা জেলার বিভিন্ন গ্রামে আরও ৪৬ জন নিহত হন। মধ্য ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলের আরসি জোনেই এই দুটি জেলা অবস্থিত।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে চার্চ কর্তৃপক্ষ। পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ওরোমিয়া আঞ্চলিক সরকার জানিয়েছে, এই সহিংসতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।























