কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন সাগর থেকে ৯ জেলেসহ ২টি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তাদের ধরে নিয়ে যায়।
শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানিয়েছেন, শাহপরীরদ্বীপ পশ্চিম বোট ঘাট থেকে বুধবার দিবাগত রাত ৩টার দিকে দুটি মাছ ধরার ট্রলার সাগরে যায়। ট্রলার দুটি শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া এলাকার বাসিন্দার রাশেদ ও আব্দুল্লাহর মালিকানাধীন। মাছ ধরার সময় হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ট্রলারসহ তাদের ধরে নিয়ে যায়।
জেলেরা হলেন, সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার বাসিন্দা ইউসুফ জালালের ছেলে মো. রাশেদ (২৫), লালু ফকিরের ছেলে মো. আব্দুল্লাহ (৩০), বশির আহমদের ছেলে মো. আনোয়ার (৩০), রশিদ আহমেদের ছেলে মো. ইব্রাহিম (১৯), সলিমুল্লাহর ছেলে মো. মঞ্জুর আলম (৩৫), ইলিয়াছের ছেলে মো. ওমর ফারুক (২০), কালা মিয়ার ছেলে মো. কবির আহমেদ (৫৫), কাশিমের ছেলে মো. জাফর আলম (২০) এবং আমানউল্লাহর ছেলে মো. জসিম (১৮)।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, মিয়ানমারের আরাকান আর্মির হাতে ৯ বাংলাদেশি জেলে আটক হওয়ার বিষয়টি জেলেদের কাছ থেকে জানতে পেরেছেন। তবে, জেলেরা মিয়ানমারের জলসীমা অতিক্রম করেছে কী না তা কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট বাহিনীর সাথে যাচাই-বাছাই করছেন। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন তিনি।
















