শিক্ষা খাতে বাজেট ঘাটতি, আবাসন সংকট ও বৈষম্যের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে রাজপথে নেমেছে ‘জেনারেশন জেড’ বা জেন-জি প্রজন্মের তরুণেরা। স্পেন, ফ্রান্স, আলবেনিয়া, ইতালি, গ্রিস ও পর্তুগালসহ বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ আন্দোলনগুলো সেখানকার সরকারগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ফ্রান্সে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার পর অন্য দেশের তরুণদের মধ্যেও তার প্রভাব পড়েছে। ইতালির রোমে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়ে সাশ্রয়ী আবাসন ও সরকারি শিক্ষায় পর্যাপ্ত বিনিয়োগের দাবি জানিয়েছেন। অন্যদিকে স্পেনে আবাসন ভাড়ার লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন পুরো ইবেরীয় উপদ্বীপে ছড়িয়ে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, উচ্চ অর্থনৈতিক অনিশ্চয়তা, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে চাকরির বাজারের পরিবর্তন এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির ফলে ইউরোপের তরুণদের মাঝে চরম অসন্তোষ তৈরি হয়েছে। মা-বাবার প্রজন্মের মতো জীবনযাত্রার মান না পাওয়ার আশঙ্কায় বাধ্য হয়ে রাজপথে নেমেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী তরুণেরা।























