যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নিষ্ঠুর ও দুর্নীতিবাজ’ অভিহিত করে তাঁকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি অভিযোগ করেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শাসনব্যবস্থায় বিশৃঙ্খলা, দুর্নীতি ও অদক্ষতা চরম মাত্রায় পৌঁছেছে। একই সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে ‘অপ্রয়োজনীয়’ বলে সমালোচনা করেন তিনি।
ওহাইও অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ওবামা ভোটারদের রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান। ওহাইওর গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর বিজ্ঞাপনী প্রচারণারও কড়া সমালোচনা করেন তিনি।
ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, বর্তমান প্রশাসন একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করেছে যা কেউ চায়নি।
সমাবেশে ওবামার সঙ্গে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক প্রার্থী অ্যামি অ্যাকটন এবং সাবেক সিনেটর শেরড ব্রাউন। জনমত জরিপ অনুযায়ী, ওহাইওর গভর্নর ও সিনেট নির্বাচনে দুই দলের প্রার্থীর মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।























