বিদেশে অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালানোর উন্নত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে ইরান—এমন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। এসব গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক মিশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং কিছু এলাকা থেকে কূটনৈতিক কর্মীদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।
মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের সংগৃহীত তথ্যের বরাতে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ইরান তাদের বিদেশি লক্ষ্যবস্তুতে হামলার তৎপরতা বাড়িয়েছে। তবে মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তা তেহরানের এসব পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অন্যদিকে ইরান সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্রের নতুন কোনো সামরিক অভিযান শুরু হলে তারা সমুদ্রতলের তথ্য যোগাযোগ অবকাঠামো ও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাবে।























