আইনশৃঙ্খলার অবনতি ও হাদির ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি
শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি।
জুলাই বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার না করা এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে জাতীয় ছাত্রশক্তি।
সোমবার (১৫ ডিসেম্বর) জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হামলার ঘটনায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের ব্যর্থতাকে স্পষ্টভাবে তুলে ধরছে বলে দাবি করা হয়।
এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।
ঘোষণা অনুযায়ী, সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় শাহবাগে জমায়েত হয়ে জাতীয় ছাত্রশক্তি এই ব্লকেড কর্মসূচি পালন করবে।
















