হাদির ওপর হামলার পর পলাতকদের ভারতে পালানো ঠেকাতে নিরাপত্তা জোরদার
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার পর যশোরের বেনাপোল সীমান্তজুড়ে কড়া নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হামলার সঙ্গে জড়িত পলাতক আসামিরা যাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যেই সীমান্তজুড়ে কড়া নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্র জানায়, ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৭০ দশমিক ২৭৪ কিলোমিটার সীমান্ত এলাকায় বিশেষ টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে কার্যত সীমান্ত সিলগালা করে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত কেউ যাতে সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক চলাচল নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদের সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ, পাচার বা অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নজরদারি অব্যাহত থাকবে।
















