সাংবাদিকেরা জাতির বিবেক এবং সমাজের দর্পণ। তারা সবসময় অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করে সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এর ঐতিহাসিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্য যেকোনো মূল্যে সংরক্ষণ করতে হবে। উন্নয়ন বলতে শুধু আধুনিক অবকাঠামো নির্মাণ বোঝায় না, বরং একটি প্রতিষ্ঠানের ইতিহাস ও গৌরবোজ্জ্বল ভূমিকার নিদর্শন ধরে রাখাও অত্যন্ত জরুরি।
জাতীয় প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির বিষয়ে মন্ত্রী জানান, নীতিগতভাবে তিনি এই দাবির সঙ্গে একমত পোষণ করেন। তবে বিষয়টি বাস্তবায়নের জন্য কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যারের পরিবর্তন এবং ব্যয়ের দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
ম্যারাটনের তাৎপর্য তুলে ধরে রবিউল আলম বলেন, ধৈর্য, লক্ষ্য স্থির রাখা এবং ধারাবাহিক প্রচেষ্টাই যেকোনো সাফল্যের মূল চাবিকাঠি। ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনেও সব ধরনের প্রতিকূলতা পেরিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে এই ধরনের নিষ্ঠা অত্যন্ত প্রয়োজন। এ সময় তিনি নিয়মিত ক্রীড়াচর্চার ওপর জোর দিয়ে বলেন, খেলাধুলা একটি সুস্থ, সবল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে অনন্য ভূমিকা রাখে। তাই ক্রীড়া, সংস্কৃতি ও মননশীলতার চর্চা সবসময় অব্যাহত রাখা উচিত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ দেশের বরেণ্য সাংবাদিক ব্যক্তিত্ব ও প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।






















