মাদকের টাকা জোগাড় করার জন্য নিজের ২০ মাস বয়সী একমাত্র সন্তানকে ‘বিক্রি করে দেওয়ার চেষ্টার’ চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক পিতার বিরুদ্ধে। চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শনিবার রাতে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক হেলপার লোকমান হোসেন সাগর মাদকাসক্ত হয়ে শনিবার রাতে তার স্ত্রী গৃহকর্মী সীমা আক্তারের কাছে মাদকের টাকা চান। টাকা না পেয়ে তিনি জোরপূর্বক ২০ মাসের শিশুকন্যা ফাতেমা আক্তারকে বিক্রি করে দেওয়ার কথা বলে ঘর থেকে নিয়ে যান এবং নিজের মোবাইল ফোন বন্ধ করে রাখেন। উপায় না পেয়ে মা সীমা আক্তার ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।
পরবর্তীতে প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ নগরীর যুগী চাঁদ মসজিদ এলাকায় সাগরের এক খালাত ভাইয়ের বাসায় তার অবস্থান শনাক্ত করে। সেখানে পৌঁছানোর পর জানা যায়, সাগর তার খালাত ভাইয়ের কাছে সন্তানকে বিক্রির কথা বললে তিনি কৌশলে শিশুটিকে নিজের হেফাজতে নিয়ে নেন। পুলিশ গিয়ে রাত সাড়ে এগারোটার দিকে শিশুটিকে উদ্ধার করে নিরাপদে মায়ের জিম্মায় দেয়। তবে সন্তান উদ্ধারের পর স্ত্রী স্বামীর বিরুদ্ধে কোনো আইনি মামলা দায়ের করেননি বলে জানিয়েছে পুলিশ।






















