যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে উপকূলীয় এলাকার বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের বিস্তার রোধ এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রায় ছয় হাজার বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সান হুয়ান ক্যাপিস্ট্রানো এলাকায় অন্তত ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির তথ্য অনুযায়ী, ‘নর্তে’ নামের এই দাবানলে প্রায় ১৮৮ হেক্টর (৪৬৫ একর) এলাকা পুড়ে গেছে। তবে ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণ সংস্থা ক্যাল ফায়ার শুক্রবার সন্ধ্যায় আগুনে পুড়ে যাওয়া এলাকার পরিমাণ প্রায় ২৩১ হেক্টর (৫৭০ একর) বলে জানিয়েছে।
ফায়ার অথরিটি জানিয়েছে, দমকলকর্মীরা স্থল ও আকাশপথে জোরেশোরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। একইসঙ্গে কর্তৃপক্ষ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, মৌসুমের তুলনায় বেশি তাপমাত্রা এবং বাতাসে আর্দ্রতা কম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। শুক্রবার উপকূলীয় শহর সান ক্লেমেন্তে থেকে দাবানলটির সূত্রপাত হয় এবং পরে আগুন পাশের সান হুয়ান ক্যাপিস্ট্রানো শহরের দিকে ছড়িয়ে পড়ে।
শুক্রবার সন্ধ্যা নাগাদ দুই শহরের প্রায় ছয় হাজার বাড়ি এবং ১৬ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ক্ষতিগ্রস্তদের জন্য দুই শহরেই আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আগুন নেভাতে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি দাবানলের পেছনে সান্তা আনা বাতাসের ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অভ্যন্তরীণ এলাকা থেকে ক্যালিফোর্নিয়ার উপকূলের দিকে প্রবাহিত এই বাতাস উষ্ণ ও প্রবল বেগের। ওয়েদার চ্যানেলের তথ্য অনুযায়ী, সাধারণত শরৎকালে সান্তা আনা বাতাস প্রবাহিত হয়। দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় এ সময় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গাছপালা ও ঝোপঝাড় সবচেয়ে বেশি শুষ্ক থাকে, ফলে দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে।
পূর্বাভাসদাতারা জানিয়েছেন, উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫৫ থেকে ৯০ কিলোমিটার (৩৫ থেকে ৫৫ মাইল) পর্যন্ত উঠেছিল। শুক্রবার বাতাসের গতিবেগ সবচেয়ে বেশি থাকার আশঙ্কা ছিল। তবে আগুনের বিস্তার বাড়িয়ে দিতে পারে এমন উচ্চ তাপমাত্রা ও কম আর্দ্রতার পরিস্থিতি শনিবার রাত পর্যন্ত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।























