জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর ব্যবস্থাপনায় রংপুরে দিনব্যাপী ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মসূচিতে রংপুর অঞ্চলের আটটি জেলার পাঁচ শতাধিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিনিধি সমবেত হন।
সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও রংপুর অঞ্চল পরিচালক অহিদ সালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন। প্রধান আলোচক হিসেবে ‘সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা, পরিচালনা ও নেতৃত্ব তৈরি’ বিষয়ে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল ও রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। এ ছাড়া সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ এবং সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল। পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন মাওলানা মো. জাহিদ হাসান।
দিনব্যাপী এ আয়োজনে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার বিকাশ, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির রূপরেখা নিয়ে বিশদ আলোচনা করা হয়। পরিশেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।






















