ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় যাত্রীবাহী বাস, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসিন্দা মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ও পিকআপ ভ্যানের সহকারী আব্দুল রহিম (৪০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী লেনে এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সামনে থাকা একটি চলন্ত মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে বাসটি মোটরসাইকেলের আগে থাকা অপর একটি পিকআপ ভ্যানকেও সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আসিফ এবং পিকআপের সহকারী রহিম মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যানটি জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






















