রাজধানীর যাত্রাবাড়ী ও লালবাগ এলাকা থেকে অবিস্ফোরিত চারটি ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ডিএমপির ডিবির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন সংবাদ সম্মেলনে জানান, কিছুদিন আগে যাত্রাবাড়ী থানার সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান এক ব্যক্তি। পরবর্তীতে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে প্রথমে রায়হান উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের জেন সাহা রোডের একটি ভবনের পার্কিং এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এরপর ডেমরার ডগাইর এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য। রাজধানীকে অস্থিতিশীল ও অচল করে তোলার জন্য কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবেই তারা এই নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


























