গাজীপুরের টঙ্গীতে দুটি পৃথক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে টঙ্গীর চেরাগআলী ও আউচপাড়া খাঁ-পাড়া এলাকায় সংঘটিত এসব দুর্ঘটনায় প্রেসক্লাব মার্কেটের ৮টি দোকান এবং খাঁ-পাড়া রোডের নতুনবাজার এলাকার ২টি সেমিপাকা দোকান পুড়ে গেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে চেরাগআলী এলাকার প্রেসক্লাব মার্কেটে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মার্কেটের আটটি দোকানে থাকা মুদি ও মনিহারি পণ্য, খাবার সামগ্রী এবং ভাঙ্গারির মালামাল ছাই হয়ে যায়।
অন্যদিকে একই রাতে পৌনে ২টার দিকে আউচপাড়ার খাঁ-পাড়া রোড সংলগ্ন নতুনবাজারে দুটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যৈষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী চেরাগআলী প্রেসক্লাব মার্কেটে আনুমানিক ৫ লাখ টাকা এবং আউচপাড়া নতুনবাজারের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে আগুন বেশি ছড়াতে পারেনি এবং কেউ হতাহত হননি।






















