ঢাকা বলছে—ভারতকে রাজি করানোর চেষ্টা চলবে, তবে সিদ্ধান্ত সম্পূর্ণ দিল্লির ওপর নির্ভরশীল
পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন—শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে বাংলাদেশের করণীয় সীমিত; দিল্লি সম্মত না হলে আইনি বা কূটনৈতিকভাবে বাধ্য করার সুযোগ নেই।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত রাজি না হলে ঢাকার করার মতো তেমন কিছুই নেই। বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা কী করতে পারি—বলুন? ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানোর। তারা রাজি না হলে কিছুই করার নেই। আমরা শুধু চেষ্টা করে যেতে পারি।”
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন, সেই সিদ্ধান্ত একান্তই তার নিজের। তিনি যে পরিস্থিতিতে ভারতে আসতে বাধ্য হয়েছেন, সেটি বিবেচনায় রাখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার কূটনৈতিক চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে দিল্লি এখনো সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ কূটনৈতিকভাবে বিষয়টি তুলে ধরছে এবং আলোচনা অব্যাহত থাকবে, কিন্তু ভারতের সম্মতি ছাড়া আরও কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।














