ভারতে ‘ভোট চুরি’র অভিযোগ এনে যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। শনিবার ব্রিটিশ রাজধানীর পার্লামেন্ট স্কয়ারের সামনে আয়োজিত এ বিক্ষোভে সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ধ্রুব রাঠি নিশ্চিত করেন যে তিনি ইতোমধ্যে লন্ডনে পৌঁছেছেন। প্রবাসীদের উদ্দেশে তিনি বেলা ১২টায় পার্লামেন্ট স্কয়ারে অবস্থিত মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে সমবেত হওয়ার অনুরোধ জানান। এ বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
এর আগে ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি আয়োজিত বিক্ষোভের আগে হরিয়ানার গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকে পুলিশ আটক করেছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সেই ঘটনার ঠিক এক সপ্তাহ পরেই তিনি লন্ডনে নতুন করে বিক্ষোভের ডাক দিলেন।























